
দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধের ঝুঁকি এড়াতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও পাউবো | সময় সংবাদ
হারুন অর রশিদ,দোয়ারাবাজার( সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধ রক্ষা করতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও পাউবো।
বুধবার বিকাল ৪ টা পর্যন্ত হাওর ঘুরে দেখা গেছে নাইন্দার হাওরে সাধারণ কৃষক আধাপাকা বোর ধান কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে। এসময় তেগাংগা গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, নাইন্দার হাওরে যে সকল পিআইসি রয়েছে অনেকটাই ঝুঁকি পূর্ণ তাই আমরা বাঁধের উপর ভরসা করতে পারছিনা।
তাই কাছা ধান কেটে নিয়ে যাচ্ছি। একই গ্রামের নুর আলী বলেন, বালু মাটি দিয়ে বাঁধ নির্মাণ করেছেন। একাধিকবার অভিযোগ দেয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। উজানের পাহাড়ী ঢল ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপ বেড়ে বাঁধের অনেক জায়গায় গর্ত হয়ে গেছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে হাওর তলিয়ে যেতে পারে।
সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী মো.শমশের আলী মন্টু বলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওরের ১১ নং পিআইসি ঝুঁকি পূর্ণ হওয়ায় আমরা এখানে দিনরাত কাজ করে যাচ্ছি। বাঁশের ভল্লি দিয়ে জিও ব্যাগে বালু ফেলা হয়েছে। এই মুহূর্তে পানির চাপ কমতেছে। বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ না হলে এই হাওরের বোর ধান কৃষক ঘরে তুলবে ইনশাল্লাহ।
