![]() |
২৪ ঘণ্টায় মৃত্যু শুন্য হলেও করোনা ভাইরাসে আক্রান্ত ৪০ | সময় সংবাদ |
সময় সংবাদ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন। আগেরদিন এ সংখ্যা ছিল ২৮ জন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
রোববার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট পাঁচ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ। আগেরদিন এ হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২১৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ দুই হাজার ৪২২ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের রোববার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৬২৩ জনের। সুস্থ হয়েছেন ৫০ কোটি ১০ লাখ ৫২ হাজার ৫৪০ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৩ কোটি ২১ লাখ ১৪ হাজার ৭৮৪ জন।

