![]() |
ডেঙ্গু প্রতিরোধে 'সেভ' সংগঠনের সচেতনতামূলক কর্মসূচি | সময় সংবাদ আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
টেলিভেশন কিংবা পত্রিকার পাতা খুললে প্রতিদিনই চোখে পড়ে ডেঙ্গুর খবর। আক্রান্ত আর মৃত্যু দেখে এটিই মনে হয়, ডেঙ্গু মহামারি না হলেও কোনো অংশে কম নয়। প্রতিবছর আমাদের দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে যেমন ব্যক্তিসচেতনতা দরকার, তেমনি অন্যকেও সচেতন করা দরকার।
এ লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের 'সেভ' নামে একটি সমাজসেবামূলক অরাজনৈতিক সামাজিক সংগঠন।
মঙ্গলবার ও বুধবার উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়িরহাট উচ্চ বিদ্যালয়, কদমতলা গোরস্থান মাদ্রাসা, বেড়িহাট বাজার, ভাটপাড়া বাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ডেঙ্গু সচেতনতা সম্পর্কে অবগত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। সেইসাথে সংগঠনটি জনসচেতনতায় ইউনিয়ন ব্যাপী মাইকিং কর্মসূচিও গ্রহণ করে।
এসব আয়োজনে সেভ সংগঠনের বোর্ড সদস্য আরাফাত সিকদার, সালিমুল হক সাগর, শাওন খান, চিফ টিম ডিরেক্টর আসিফ সিকদার, পরিচালনা কমিটির সদস্য শাওন, মুক্তাদির, তারিকুল, রাব্বি, সাব্বির তামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সংগঠনটির সদস্যরা বলেন, 'সাধারণ জনগণ ডেঙ্গু নিয়ে আতংকে আছে, উদ্বেগের মধ্যে আছে। তাই এই ইভেন্ট আমাদের সামাজিক দায়বদ্ধতার মাঝে পরে। এই চেষ্টায় অন্তত একজন মানুষও যদি সতর্ক হয়, তাহলেই আমাদের সবার পরিশ্রম সার্থক। সুস্বাস্থ্য পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে সমাজে আমাদের সকলকে আরো বেশি করে উদ্যোগী হতে হবে।'
সময় সংবাদ/ এনটি

