![]() |
আলফাডাঙ্গা পৌরবাসীকে বিনা পয়সায় আইনী সেবা প্রদানের ঘোষণা মেয়র পদপ্রার্থীর |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন; তাহলে পৌরবাসীকে বিনা পয়সায় আইনী সেবা প্রদান করবেন।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় জামাল হোসেন বলেন, প্রাত্যহিক জীবনে অনেকেই নানা আইনী জটিলতার সম্মুখীন হতে হয়। অনেক হতদরিদ্র অসহায় পরিবার আর্থিক সমস্যার কারণে আইনী সেবা থেকে বঞ্চিত হয়। অনেকে আবার আর্থিক সমস্যা না থাকলেও সঠিক আইনী সেবা গ্রহণের জন্য ভোগান্তিতে পড়তে হয়। এইজন্য আমি মেয়র নির্বাচিত হলে আলফাডাঙ্গা পৌরবাসীকে বিনা পয়সায় আইনী সেবা প্রদান করবো।
তিনি আরও বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দীর্ঘ দিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করায় মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাই। আমার পৌরবাসীর সেবা করার জন্য আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আশা করি আমার পরিবার ও আমার রাজনীতির কর্ম চুলচেরা বিশ্লেষণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন। আমি মেয়র নির্বাচিত হলে; পৌরবাসীকে নিয়ে সম্মিলিতভাবে পৌরসভার পরিবর্তনে ভূমিকা রাখবো। একটি নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে কাজ করে যাবো।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগ নেতা ছিদ্দিক শেখ, অ্যাডভোকেট আলমগীর হোসেন ও প্রভাষক ডাঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।

