ফরিদপুর প্রতিনিধি :
ভুমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ফরিদপুরের সদর উপজেলায় পাকাঘর পেয়েছেন ৭৩১টি পরিবার। এরই মধ্যে সব স্থাপনার নির্মাণ কাজ সম্পন্ন করে ঘরহীনদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে।
আগামী ৯ আগষ্ট সারাদেশে একযোগে বসতঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ও ঘরহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
এ প্রসঙ্গে ইউএনও বলেন, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ৩১২টি, দ্বিতীয় পর্যায়ে ১৫৪টি ও তৃতীয় পর্যায়ে ২৬৬টি গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তুলে দেওয়া হয়েছে। এ পর্যায়ে দেশের অন্যান্য উপজেলার সাথে ফরিদপুর সদর উপজেলাও 'ক' শ্রেণীর গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে। এ বিষয়টি অনেক গর্বের এই উপজেলার জন্য বলেও তিনি জানান।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিয়াউর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

