![]() |
| আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের নির্বাচনী প্রচারণা জোরদার করতে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনী সাধারণ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জাটিগ্রাম বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা।
সদর ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহাদাত হোসেন খোকন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, “জামায়াতে ইসলামী এখন সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা। এই দলেই নেই জুলুম, চাঁদাবাজি বা দখলদারিত্বের রাজনীতি।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের মানুষ নিরাপদে থাকবে। জনগণ এখন বুঝতে পারছে—এ দেশের উন্নয়ন ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প। ক্ষমতায় গেলে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাবো।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, ও উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আক্তার হোসেন।

