![]() |
| স্ত্রী হত্যার দেড় মাস পর স্বামীর বিষপান, সালথায় চাঞ্চল্য |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দেড় মাস আগে হাতুড়ি পিটিয়ে স্ত্রীকে হত্যার পর এবার সেই হত্যাকারী স্বামী রাজু মাতুব্বর (২৮) বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত রাজু মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের পরিবার রাজুকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার পর থেকে রাজু আত্মগোপনে ছিলেন। দীর্ঘ দেড় মাস পর গত সোমবার (১০ নভেম্বর) রাতে তিনি গোপনে বাড়িতে ফিরে আসেন এবং মায়ের সঙ্গে দেখা করেন। পরদিন মঙ্গলবার সকালে স্ত্রী হত্যার অপরাধবোধ ও মানসিক যন্ত্রণায় ভুগে নিজের ঘরে কীটনাশক পান করেন রাজু।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও রাতেই তিনি বাড়ি ফিরে আসেন। বুধবার ভোরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
রাজুর মা জাকিরন বেগম বলেন, “স্ত্রীকে হত্যার পর থেকেই রাজু মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে প্রায়ই বলত, বাঁচতে ইচ্ছে করে না। অবশেষে সেই শোকে সে নিজের জীবনটাই শেষ করে দিল।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “স্ত্রী হত্যার দেড় মাস পর রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

