![]() |
| সালথায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বুলবুল হোসেন স্থানীয় প্রয়াত মোকসেদ মাস্টারের ছোট ছেলে। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২২ সালে তাকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করেননি বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, কোনো চাপ বা প্রলোভনের কারণে নয়, সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে বুলবুল হোসেনের পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

