![]() |
| বালুর বস্তা ফেলে শামা ওবায়েদের গাড়িবহর আটকের অভিযোগ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
নির্বাচনী সভায় অংশ নিতে যাওয়ার পথে সড়কের ওপর বালুর বস্তা ফেলে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহর আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর বাড়ি ও মাদরাসা বাহিরদিয়া গ্রামে অবস্থিত। সোমবার বিকেলে বাহিরদিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী সভা আয়োজন করা হয়। ওই সভায় যোগ দিতে যাওয়ার সময় বাহিরদিয়া এলাকায় সড়কের ওপর বালুর বস্তা ফেলে শামা ওবায়েদের গাড়িবহর আটকে দেওয়া হয়। পরে নেতাকর্মীরা সড়ক থেকে বালুর বস্তা সরিয়ে দিলে গাড়িবহর নিয়ে তিনি সভাস্থলে পৌঁছান।
বিএনপি নেতারা আরও জানান, শামা ওবায়েদ আসার খবরে বাহিরদিয়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়। এমনকি বাজারের টিউবওয়েলগুলোও বন্ধ করে রাখা হয়। ফলে সভায় আগত নেতাকর্মীরা পানি পর্যন্ত সংগ্রহ করতে পারেননি।
ঘটনার প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, “আজকে রাস্তার ওপর বালুর বস্তা ফেলে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি। বেগম খালেদা জিয়ার বাসার সামনেও একসময় বালু ফেলে রাস্তা বন্ধ করা হয়েছিল। স্বাধীন দেশে আমরা এই চিত্র দেখতে চাই না।”
তিনি বলেন, সালথা ও নগরকান্দার বিভিন্ন এলাকায় অন্য প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। সেখানে বিএনপি কোনো বাধা সৃষ্টি করেনি। “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সবাই স্বাধীনভাবে ভোট চাইবে—এই পরিবেশ নিশ্চিত করতেই তো ১৭ বছর আন্দোলন-সংগ্রাম হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও যদি সেই পরিবেশ না পাই, তাহলে তা অত্যন্ত দুঃখজনক,” বলেন তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, “বাহিরদিয়া কারো ব্যক্তিগত এলাকা নয়। এখানে যে কেউ কর্মসূচি করতে পারে। আমাদের সঙ্গে ছিলেন বয়স্ক মানুষ, মা-বোনেরা। বাজারে একটি দোকানও খোলা ছিল না, এমনকি ওষুধের দোকানও নয়—এটা অমানবিক।” তিনি অন্য প্রার্থীদের উদ্দেশে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, এ ঘটনায় তিনি কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন না।
এ বিষয়ে সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান বলেন, সড়কে বালুর বস্তা ফেলে শামা ওবায়েদের গাড়িবহর আটকে দেওয়ার বিষয়ে তারা অবগত নন। তবে কেউ যদি এমন করে থাকে, সেটি দুঃখজনক উল্লেখ করে তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

