পাওয়ার কার থেকে ছড়িয়ে পড়ে এসি বগিতে, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
![]() |
| সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো |
মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট বগি থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয় এবং তাদের মালামালও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পাওয়ার কার ও বগিগুলো ট্রেন থেকে আলাদা করা হয়েছে। চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার পাঠানো হচ্ছে। সেটি সংযুক্ত করার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
অগ্নিকাণ্ডের সময় চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও কোনো ট্রেনের সময়সূচি বাতিল করা হয়নি। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

