সালথায় লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

সালথায় লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর

 

সালথায় লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর
সালথায় লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আজিজুল মোল্যার বাগান থেকে গোপনে লিচু পাড়ছিলেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় বাগান মালিকের ছেলে আকরাম মোল্যা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে আকরামকে মারধরের অভিযোগ ওঠে।


পরবর্তীতে সন্ধ্যায় আজিজুল মোল্যা ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলেকে মারধরের বিষয়ে জানতে চাইলে আবারও তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে সাকিল ও তুষার বাঁশের লাঠি দিয়ে আজিজুল মোল্যার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে আজিজুল মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের সমর্থকরা হামলাকারীদের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত পর্যন্ত কয়েকটি এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছিল।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, “লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনায় এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here