সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

 


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকের চালক আহত হয়েছেন।


রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত হাফসা আক্তার পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে। সে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামার সঙ্গে হাফসা সালথার মিনহাজদিয়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে মা চামেলি বেগমের সঙ্গে ইজিবাইকে করে নগরকান্দার নিজ বাড়িতে ফিরছিল সে।


পথে কাগদী বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় হাফসা ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।


স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফসাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় হাফসার মা চামেলি বেগম ও ইজিবাইকের চালক আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Post Top Ad

Responsive Ads Here