জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে বিভিন্ন এলাকায় বাঁশের তৈরী জিনিষপত্রের এখন ব্যাপক চাহিদা রয়েছে। তবে কালের বিবর্তনে ও আধুনিকায়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশের তৈরি জিনিষপত্র প্রায় বিলুপ্তির পথে। ঘাটাইল উপজেলায় ধলাপাড়া হাট, হামিদপুর হাট, সাগরদিঘী হাট, টাঙ্গাইল সদর করটিয়া হাট সহ বিভিন্ন হাট-বাজারে এখনও কিছু কিছু বাঁশের তৈরী জিনিষপত্র দেখা যায়। জেলার বিভিন্ন এলাকায় এখনও অনেক পরিবার বাঁশ দিয়ে হাতের তৈরী ডালা, চালা, কুলা, পাখা, মাছ ধরার দোয়ারি, খালুই, পলো, কোচ, জুতি, টুকরি, টোপা, তালাই, ধানের গোলা, ডোল, পাখির নানা আকৃতির খাঁচা, লাঠি, ঝাড়সহ আরো অনেক গৃহকর্মের জিনিস জিনিষ বানিয়ে তা বিক্রী করে জীবিকা নির্বাহ করে থাকেন।
এছাড়া গ্রামগঞ্জে বেশির ভাগ কৃষক পরিবারে রয়েছে বাঁশের তৈরী ধানের গোলা। প্রতি বছর ধানের মৌসুমে ওই কৃষকরা ধান মারাইয়ের পর তা সারা বছর বিক্রী ও ব্যবহারের জন্য বাঁশ দিয়ে হাতের তৈরী গোলায় সংরক্ষণ করে। বাঁশের স্থলে বর্তমানে বেশির ভাগ জিনিষ তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। তাই ক্রেতারা সাধারণ বাঁশের জিনিষপত্র আগের মত সেই রকম ব্যবহার করছেন না। সাধারণ মানুষের মতে কালের বিবর্তন যতই হোক এই শিল্পের ঐতিহ্য, সংস্কৃতি ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।

