মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি জেলার বাঘাইহাটে সশস্ত্র সন্ত্রাসীদের অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় একটি বিদেশী অবৈধ অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার রাত ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের হাজাছড়ার শুকনাছড়ি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোন সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ সূত্র।
বাঘাইহাট সেনা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের হাজাছড়ার শুকনাছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযানে চালায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। এসময় সেনা সদস্যের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী গ্রæপটি। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী অবৈধ অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে তারা।
এব্যাপারে বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো.আজম জানায়, খবর পেয়েছি বাঘাইহাটের হাজাছড়ার শুকনাছড়ি এলাকা ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে চাঁদাবাজী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অবশ্য এসময় কাউকে আটক করা সম্ভব না হলেও অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

