জসিম উদ্দিন, বেনাপোল থেকে - যশোরের বেনাপোলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র জায়গাটি এখন ময়লা-আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। ভাষা আন্দোলন এবং মহান মুক্তি যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সীমান্তবর্ত্তী অঞ্চল বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর নামক স্থানে একটি স্মৃতি সৌধ স্থাপন করে বেনাপোল পৌরসভা।
কিন্তু স্মৃতি সৌধকে ঘীরে সেখানে একটি কাঁচা বাজার তৈরী হওয়ায় স্মৃতি সৌধের স্থানটিতে এখন প্রায়ই সময় বাজারের উচ্ছিষ্ঠ ময়লা-আবর্জনা ফেলা হয়। এদিকে বেনাপোল পৌরসভা কর্ত্তৃক স্মৃতিসৌধের স্থানটি পরিস্কার পরিচ্ছন করার কথা থাকলেও সেটা করা হয় না বলে এলাকার মানুষ জানিয়েছেন। সম্পূর্ন অযত্ন-অবহেলায় এই স্থানটি ক্রমেই অশ্রদ্ধাহীনতার দিকে এগিয়ে চলেছে।
যে কোন জাতীয় উৎসব পালন কালীন সময় সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষ ধোয়া-মোছার কাজটি করে থাকলেও পরে আর তা করা হয় না। ঐ এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কাচাঁ বাজার এলাকা থেকে স্মৃতিসৌধটি সরিয়ে অন্যত্র নেওয়ার ব্যবস্থা করা হউক, তাতে করে শহিদদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে তা না হলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা হারিয়ে ফেলবে বর্তমান এবং আগামী প্রজন্ম।

