ফরিদপুর প্রতিনিধি
আজ বুধবার সকালে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মেহের আলীর বাড়িতে আটক আড়াই ফুট লম্বা একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
জানা যায়, মেহের আলীর বাড়িতে প্রতি রাতে হাঁস মুরগি উধাও হয়ে যায়। তার একটি ছাগলকে কামড় দিয়ে গুরুত্বর আহত করে বাঘটি। পরবর্তীতে মেহের আলী বাড়ির উঠানে লোহার খাঁচায় মুরগি রেখে ফাঁদ পাতে।
মঙ্গলবার রাত একটার সময় মুরগি খেতে গিয়ে খাঁচার ভিতর ওই মেছো বাঘটি আটকা পড়ে। সকালে বাঘটিকে দেখার জন্য প্রচুর উৎসুক লোক ভীড় করে। মেহের আলী প্রথমে ছোলনা গ্রামের গুড্ডু নামের এক যুবকের কাছে পাঁচ হাজার টাকায় বাঘটি বিক্রি করে পরে ফেরত নেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে মোহাম্মদ জাকির হোসেন বলেন, বাঘটির প্রাথমিক চিকিৎসা চলছে। বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

