জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকায় বিজিবি ও চোরাচালনী সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য ও চোরাচালান চক্রের এক সদস্য আহত হন। এসময় বিজিবি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জর্দা ও আতশবাজি উদ্ধার করে। রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিজিবি'র একটি টহল দল রবিবার সকালে নাভারণ রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে সংর্ঘষ বাঁধে। এক পর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পাথরের আঘাতে বিজিবি সদস্য নেয়ামুল হক আহত হন। এসময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।
৪৯ বিজিবির পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চোরাচালানিদের নামে একটি মামলা হবে।

