মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি - গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোমিন (৩৮) কে শুক্রবার রাত ৮ টার দিকে লিফলেট ও জিহাদী বইসহ পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোমিন পৌরশহরের মাগুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বরকত উল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত আছেন ।
গোবিন্দগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান জানান, আব্দুল মোমিনের বাড়িতে নাশকতার পরিকল্পনায় রাতে গোপন বৈঠক চলছিল। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আবুল মাল মাওদুদী’র লেখা ১২ টি ‘তাফহীরুল কুরআন’ বই, ২ টি ব্যক্তিগত রিপোর্ট, ১১ টি সদস্য ফরম, ১১০ টি দাওয়াত পত্র, ২০ টি লিফলেট, ১ টি সংগঠনের গঠনতন্ত্র ও বিভিন্ন জিহাদী ৬ টি বই উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপিএম জানান, বিভিন্ন ধরণের লিফলেট ও জিহাদী বইসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

