আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে ৭টি মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
পরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্তমান সরকারের ১০ পূর্তিতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক প্রতিরোধ এবং মসজিদ মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক ইমাম ও ওলামা সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ শামছুল হক সাদী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুুরী, আহলে সুন্নাতওয়াল জামাত হবিগঞ্জের সভাপতি আলহাজ¦ মোঃ রইছ মিয়াসহ আলেম-ওলামা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, যারা মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু। ইসলামের নাম ব্যবহার করে দুর্বৃত্তরা সমাজে বার বার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জন্ম দিয়েছে জঙ্গি ও বোমাবাজের। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমান সরকার দেশে জঙ্গি ও বোমাবাজদের দমনে সফলতা অর্জন করেছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত আলেম সমাজকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে। কিন্তু বর্তমান সরকার আলেমদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তাদেরকে সম্মানী প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন।
এছাড়াও ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা সাধারণ মানুষদের সামনে তুলে ধরেত আলেম-ওলামা সমাজের প্রতি আহবান জানান এমপি আবু জাহির। এ সময় উপস্থিত আলেম সমাজ হাত তুলে তার বক্তৃতার প্রতি সমর্থন জানান।
সমাবেশের পূর্বে সংসদ সদস্য হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫টি মাদ্রাসা এবং ২টি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় হবিঞ্জের আলেম সমাজ, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৭৫ লাখ টাকা ব্যয়ে রিচি মোহাম্মাদিয়া সুন্নিয়া মাদ্রাসায় নতুন ভবন, একই পরিমাণ ব্যয়ে চান্দপুর দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় নতুন ভবন, ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদ্রসায় নতুন ভবন, একই পরিমাণ ব্যয়ে উচাইল শাহ মজলিস আমীন সুন্নিয়া দাখিল মাদরাসায় নতুন ভবন এবং করাব রহমানিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবন র্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।


