সময় সংবাদ ডেস্ক//
এবার রাজধানী মতিঝিলের চার ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া।
রোববার বিকেল ৩টা ২০ মিনিটের অভিযান শুরু হয়।সাংবাদিকদের অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন।
তিনি বলেন, সম্প্রতি ক্লাবে অভিযানের পর বিভিন্ন ক্লাব থেকে জিনিসপত্র এ ক্লাবে এনে রাখা হয়েছে। এ ছাড়া এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে।
এদিকে অভিযানে ভিক্টোরিয়া ক্লাব থেকে ক্যাসিনোর সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মদ, সিসাও পাওয়া গেছে।তবে সেখানে ক্লাব কর্তৃপক্ষের কাউকে পায়নি পুলিশ।
এর আগে রাজধানীর ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবে অভিযানের পরদিন শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র এবং ধানমণ্ডি ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব। কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
এ সময় আরও চারজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধানমণ্ডি ক্লাবের বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করা হয়েছে। এ ছাড়া এদিন এজাক্স ক্লাব ও কারওয়ান বাজার মৎস্যজীবী ক্লাব ঘিরে রাখলেও ক্লাব দুটি বন্ধ থাকায় শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে র্যাব

