মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে জোডা খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
রবিবার সন্ধ্যায় আটক ৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন নতুন দরবেশপুর গ্রামের মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে আব্দুল হাকিম, আব্দুল হাকিমের ছেলে সালাম,আহাদ আলীর ছেলে তারাচাঁদ ফকির এবং সোনাপুর গ্রামের মুক্তার মন্ডলের ছেলে পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার মামলত হোসেন।
মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ ৪ জনকে আটক করে এবং এর মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
জবানবন্দি শেষে এসআই আহসান হাবীব জানান, জবানবন্দীতে আটককৃত হাকিম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন যা মামলার স্বার্থে প্রকাশ করা যাবে না। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর যুবলীগ নেতা মাছ ব্যবসায়ী রোকনুজ্জামান ও হাসান আলী নামের দুই জনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

