সময় সংবাদ ডেস্ক:
যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীমের নিজস্ব এবং স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে সকল ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী ও মানি লন্ডারিং বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এলে বিএফআইইউ তা অনুসন্ধান করে। সম্প্রতি এসব অপরাধে যারা গ্রেফতার হয়েছেন তাদের হিসাবও যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে তাদের হিসাবে টাকা জমা হবে কিন্তু উত্তোলন করতে পারবে না।
এদিকে রিমান্ডে থাকা যুবলীগ নেতা ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের মালিক জি কে শামীমের ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকার হদিস মিলেছে।
রোববার সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য বড় বড় অঙ্কের কয়েকটি চেক ব্যাংকে জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক দুপুরের মধ্যেই স্থগিতের নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জি কে শামীম, তার স্ত্রী ও মা-বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে হবে। এ-সংক্রান্ত সব তথ্য পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়।
এর আগে বুধবার অবৈধ অস্ত্র ও ইয়াবা রাখার অপরাধে খালেদকে গ্রেফতার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং মামলা করা হয়। এর মধ্যে মাদক ও অস্ত্র মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মামলার তদন্তভার দেয়া হয় মহানগর গোয়েন্দাকে (ডিবি)।

