সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি ও ইসলামাবাদসহ বড় শহরগুলো।
মঙ্গলবার বিকেলে ৫.৮ রিখটার স্কেলের এই ভূমিকম্প আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে ৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
ডন ও টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানের ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি, লাহোরসহ দেশটির পুরো উত্তরাঞ্চল ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠে। ভারতের দিল্লির রাজধানী অঞ্চলসহ উত্তর ভারতের বড় অংশজুড়েও তীব্র কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিউ মিরপুর এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ৮-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর নাজিব আহমেদ জানান, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫.৮ রিখটার স্কেলের ভূমিকম্পটি আঘাত হানে।
শক্তিশালী এই ভূমিকম্পে দিল্লি থেকে ইসলামাবাদ সব শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ও কর্মস্থল থেকে মানুষ রাস্তায় আশ্রয় নেয়।

