নিজস্ব প্রতিবেদক :
দুই কোটি সত্তর লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের আবুল কাশেম মোল্যার ছেলে মো. তাজমির মোল্যাকে (৩৩) আটক করেছে ঢাকার আদাবর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মো. তাজমির মোল্যা ২০১৫ সাল থেকে মৃধা এগ্রি কেয়ার লিমিটেড ও গ্রীন বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান মৃধার ব্যক্তিগত সহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে চাকরি কালিন সময় প্রতিষ্ঠান প্রধান সরল বিশ্বাসে তাজমিরকে প্রতিষ্ঠানের গোপনীয় কাগজপত্রসহ ব্যাংক হিসাবের স্বাক্ষরিত চেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেনের অলিখিত ক্ষমতা প্রদান করেন। এই সরলতাকে পুঁজি করে বিভিন্ন সময় চার দফায় সর্বমোট ২ কোটি ৭০ লক্ষ ৩৮ হাজার টাকা আত্মসাত করে পালিয়ে যায় সে। বিষয়টি জানাজানি হলে ২৯ অক্টোবর মঙ্গলবার কামরুজ্জামান মৃধা ঢাকা আদাবর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। কর্মচারী কর্তৃক অপরাধ মূলক নগদ টাকা আত্মাসাত করার অপরাধে তাজমিরকে গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০ টায় কল্যানপুরের নিজ বাসা থেকে আটক করে আদাবর থানা পুলিশ। মামলা নং- ২৮, তাং- ২৯.১০.১৯।
বুধবার ৩০ অক্টোবর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান আদাবর থানার উপ-পুলিশ পরিদর্শক মতিউর রহমান।

