সময় সংবাদ ডেস্ক//
ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ভুলত্রুটির জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তার মা সায়েরা খাতুন চৌধুরী।সেইসঙ্গে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছেন তিনি।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মা সায়েরা খাতুন চৌধুরীর পক্ষে তার মেয়ে ফারহানা চৌধুরী একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাতে চাই, আপনি মমতাময়ী জননী, মানবতার মা, সম্রাট আপনার কর্মী। আমি একজন মা হিসেবে আপনার কাছে আকুতি করছি সম্রাটের ভুলত্রুটি ক্ষমা করে ওকে মুক্ত করে দিন এবং তাকে উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়ে আমার সন্তানের জীবন রক্ষা করুন।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০০৩ সালে সম্রাটকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯৯৯ সালে উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠির অধীনে সম্রাটের ওপেনহার্ট সার্জারির মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়। তখন থেকে সম্রাট আজ অবধী অসুস্থ শরীর নিয়ে দলের জন্য কাজ করে যাচ্ছে।

