সময় সংবাদ ডেস্ক//
প্রায় ৮০ ঘণ্টার লড়াইয়ে জেতা হলো না দুই বছর বয়সী সুজিত উইলসনের। পাতকুয়োর অতলে পড়ে চার দিন আটকে থাকার পরে মঙ্গলবার ভোরে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শিশু সুজিত মারা গেছে। তার দেহটি পাতকুয়োর অভ্যন্তরে একেবারে পচে গেছে।
বলা হয়েছে, শিশুটিকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু কুয়োর ভেতরে লাশ দেখতে পাওয়ার পরেই খনন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। সোমবার রাতে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন যে, শিশুটিকে উদ্ধার করতে আরো ১২ ঘণ্টা সময় লাগত। তবে পাতকুয়োর মধ্যে থেকে দুর্গন্ধ বেরোতে দেখেই তারা বুঝতে পারেন ছোট্ট সুজিতের প্রাণ শেষ। পরে সুজিত উইলসনের পচা গলা দেহটি কুয়োর ভেতর থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সুজিত উইলসন শুক্রবার সন্ধ্যায় পরিত্যক্ত ওই পাতকুয়োর কাছেই খেলছিল, খেলতে খেলতে ভেতরে পড়ে যায়। উদ্ধারকারীরা ওই কুয়োর গর্তের সমান্তরালে আরেকটি টানেল খোঁড়েন এবং দমবন্ধ হয়ে যাওয়া আটকাতে সুজিতকে ভেতরে অক্সিজেনও পাঠানো হয়। প্রাথমিকভাবে সুজিত ২৬ ফুট গভীরতায় আটকা পড়েছিল কিন্তু পরে উদ্ধারকারীরা তাকে দড়ি দিয়ে টানতে চেষ্টা করলে সে আরো পিছলে ৭০ ফুট গভীরে পড়ে যায়।
উদ্ধারকারীদের দল শিশুটির কাছে পৌঁছানোর জন্য পাতকুয়োর সমান্তরালে এক মিটার প্রশস্ত আরেকটি সুড়ঙ্গ খোঁড়েন। তবে পাথুরে জমির কারণে কাজের অগ্রগতি খুবই ধীর গতি ছিল। কর্মকর্তারা জানিয়েছিলেন, শিশুটি আরো ৯০ ফুট গভীরতায় যাতে পিছলে না যায় তা আটকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

