সময় সংবাদ ডেস্ক//
ডাকসুর ভিপি নুরুল হক নুরকে আটকে রেখে স্বার্থান্বেষী মহল একটা লাশ ফেলতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় ভিসি বলেন, আমি তথ্য পেয়েছি অনেক বহিরাগত এসেছিল। আমাকে ছবি দেখিয়েছিল প্রক্টর। আমার ধারণা তোমাকে আটকে রেখে ওরা একটা লাশ চেয়েছিল। তুমি তাদের ষড়যন্ত্রের শিকার। তাছাড়া এমন আটকে রাখা হবে কেন? এ সময় শিক্ষার্থীরা ভিসিকে হামলার নানা বিষয়ে অবগত করেন।
এর আগে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর যৌথ হামলা চালিয়েছে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।
ঘটনার পর হাসপাতালে ভিপি নুরসহ অন্যদের দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

