সময় সংবাদ ডেস্ক//
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা যায়, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে রাজু ভাস্কর্যে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে মুক্তিযুদ্ধ মঞ্চ ব্যানারে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে ডাকসুর ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা চালায় তারা। এতে ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেনসহ ৯ থেকে ১০ জন আহত হয়েছেন
আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন ভিপি নুরুল হক নুর, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ, আব্দুল কাদের, আকরাম হোসেন, মেহেদী হাসান, রিফাত উল্লাহ। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নুরুল হক নুর।
তবে পাল্টা হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের ও কয়েকজন আহত হয়েছেন বলে মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাকে মারা হয়নি। আরও মারা দরকার। আমরা একটু পরেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করব।’
তিনি আরও বলেন, ‘নুরু ভারত-বাংলাদেশের সম্পর্ককে বিতর্কিত করার চেষ্টা করছে। সে বিএনপি-জামাতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে।’
এদিকে নুর অভিযোগ করেছে, মুক্তিযুদ্ধ মঞ্চ ভারতের এবং বিজিপির এজেন্ট। তারা নিপীড়িত জনগণের পক্ষে সংহতি জানাতে মানববন্ধন করছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদের ওপর অতর্কিতে হামলা করা হয়েছে।

