ঝিনাইদহ প্রতিনিধি :তীব্র শীত কাটানোর প্রস্তুতি বা অভ্যস্ত নেই ঝিনাইদহের মানুষের। ফলে প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে মানুষ। ধনী,গরীব ও মধ্যবিত্ত সবারই একই দশা। গত ৩/৪ দিনে ঝিনাইদহে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ার পর হঠাৎ করেই শীতের তীব্রতা বৃদ্ধি পায়। শীত বেড়ে যাওয়ায় স্বাভাবিক কাজকর্ম কিছুটা স্থবির হয়ে পড়েছে।
ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে অনেকেই চেষ্টা করছেন শীত নিবারণের। সকালের দিকে পথঘাট কুয়াশার চাদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতের কারনে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবি, পথচারী থেকে শুরু করে নানা বয়সী মানুষ। বিশেষ করে মৃদু বাতাস দুর্ভোগের মাত্রাটা আরো বাড়িয়ে দিচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত সুর্যের দেখা মেলেনি। শৈলকুপার কৃষক দবির উদ্দিন বলেন, সকালে মাঠে কাজ করতে যেতে পারছি না। শীতের সাথে বাতাসে শরীরে কাপুনি উঠে যাচ্ছে। এজন্য অনেক বেলা পর্যন্ত বাড়ীতেই বসে থাকতে হচ্ছে। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ছিন্নমুল ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাত ও দিনের বিভিন্ন সময় কম্বল বিতরণ করা হচ্ছে।

