ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি-
রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত অনুমোদিত চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। আগাগী ৩দিন দিনব্যাপী এই অভিযান চলবে।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, একনেক অনুমোদিত এই সড়কটি চার লেনে উন্নীতকরণের পর বর্তমানের ৩০ ফুট সড়কটি ৮০ ফুটে উন্নীত করা হবে। সড়কের দুই পাশে ডিভাইডারসহ ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুটট ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
রাজশাহী সড়ক ও জনপথ এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন- রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ও রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা।
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল গনমাধ্যমকে জানান, গত ১ মাস পূর্বে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য নোটিশ প্রদানসহ মাইকিং করা হয়েছিল। যারা ওই আদেশ অমান্য করেছে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ থেকে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পর্যন্ত এই সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলবে।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলেন, মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সড়ককে কেন্দ্র করে কমার্শিয়াল অ্যাকটিভিটি (বাণিজ্যিক কর্মপরিধি) বৃদ্ধি পাবে এবং যানযোট কমবে।

