DESK NEWS//
ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে কভারবিহীন তারে জড়িয়ে বানর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে। এ ঘটনা ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তীর দৃষ্টি গোচর হলে তার পক্ষে অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল ব্যবস্থা নেয়ার জন্য লিগ্যাল নোটিস পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার ও সন্তোষপুর বিট কর্মকর্তাকে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তীর পক্ষে অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল এ নোটিশটি পাঠান। নোটিশে ৭ দিনের মধ্যে বনের ভেতরের তার সরানো, তারে কভারযুক্ত করা এবং বানরসহ বনের সব পশুপাখির নিরাপত্তা ও সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল জানান, পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বহীনতা ও অবহেলার কারণে কভারবিহীন তারে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছে এ বনের ৭ থেকে ৮টি বানর। এর মধ্যে গুরুতর আহত একটি বানর মারা গেছে। এ ঘটনায় বন ও বনের প্রণীর নিরাপত্তায় দ্রুত ওই বিদ্যুতের তার সরানো ও আহত বানরগুলোর চিকিৎসায় ব্যবস্থা গ্রহণের জন্য এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বন ও বনের পশুপাখির নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ্য করা হয়েছে। উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সন্তোসপুর বনাঞ্চলের ভেতর রয়েছে প্রায় ৩ শতাধিক বানর। এ বনাঞ্চলে অন্তত ৫ কিলোমিটার জুড়ে কভারবিহীন তারেই দেওয়া হয়েছে বিদ্যুৎসংযোগ। এ কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৭ থেকে ৮টি বানর গুরুতর আহত হয়েছে। যার মধ্যে মারা গেছে একটি বানর।

