রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়া পায়রা বন্দরের আধা কিলোমিটারের মধ্যে প্রকাশ্যে বেড়িবাঁধের স্লোপ কেটে ও বনাঞ্চল উজার করলেও প্রভাবশালী ঠিকাদারের কারনে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। পায়রাবন্দর থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে বেড়িবাঁধের স্লোপ ও ম্যানগ্রোভ বনাঞ্চল উজার করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাটি কাটার বেকু মেশিনসহ তাদের আটক করে। এমনকি এ মাটি পায়রাবন্দরের সামনে স্তুপ করে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ এম এম বিল্ডার্স পায়রা বন্দরের পাশে কিছু জমি ক্রয় করলেও তাদের দখলে থাকা অধিকাংশ জমি সরকারি।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, পায়রাবন্দর সংলগ্ন মূল বেড়িবাঁধের স্লোপ কেটে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রতিনিধিরা মাটি কাটছে এমন অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ঘটনাস্থলে এসে বেড়িবাঁধ ও বনাঞ্চল ধ্বংস করার অভিযোগে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

