জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। আলিনগর জনকল্যাণ সংঘের আয়োজনে আজ শুক্রবার বিকেলে আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল লীগের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলীনগর জনকল্যাণ সংঘের সভাপতি মোঃ জেকের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস এ এম ফজলে-ই-খুদা।
এসময় তিনি বলেন, মাঠ যতক্ষণ সচল থাকবে, তরুণ সমাজরা মাঠ বিমুখ হবে না। যখনই খেলা বন্ধ হয়ে যাবে, তখনই তরুণ সমাজ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও অপসংস্কৃতির দিকে ধাবিত হবে। মাঠে আসার জন্য তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, জেলা ক্রীড়া সংস্থার যে অচলবস্থা চলছে, তা নিরসন হোক। মুজিববর্ষ উপলক্ষে আজ এ খেলার আয়োজন করেছেন, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশতাক হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম ও মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আব্দুল হান্নান, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মোস্তাফিজুর রহমান, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। পরে, প্রধান অতিথি বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন। লীগে মোট ২৫ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আনন্দ ফুটবল দল ২-১ গোলে এ্যাডভোকেট সৈয়দ শাহজামাল স্মৃতি সংঘকে পরাজিত করে।

