রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
মহিপুর প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ও জিটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা বারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েলসহ সাংবাদিক নেতৃবৃন্দ। মানবন্ধনে প্রায় শতাধিক সংবাদকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বক্তারা হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার জানান। ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে আলটিমেটাম দেন সাংবাদিকরা।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যার পর গনমাধ্যমে প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসী হামলা চালায় বহুল আলোচিত কুয়াকাটার পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামী সোহাগ আকনসহ কালাবাহিনীর সদস্যরা। বর্তমানে মনির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং অব্যাহত রয়েছে।

