জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১১টায় শহরের পুরাতন ষ্টেডিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগে যে সুদ্ধি অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। দলকে সুসংগঠিত করার জন্য নেতকর্মীদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শিক ও ত্যাগের সংগঠন। যারা দলের মধ্যে ষড়যন্ত্র করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
যারা চাঁদাবাজ ও মাদকের সাথে জড়িত তাদের দলে স্থান নেই। নতুন ও পুরাতন সবাই মিলে দলকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের ভূমিকা রাখতে হবে। এ অঞ্চলে জামায়াত-বিএনপি যে নির্যাতন করেছে কোন নেতা বলেননি। বিএনপির অপশাসনের কথা এবং তারা ক্ষমতায় থাকার সময় কানসাটে আ’লীগের এক নারী নেত্রীর স্তন কোপ দিয়ে কেটে ফেলেছিল। তাদের প্রেত্বাত্মারা আজো রয়ে গেছে। তিনি আরো বলেন, দলের সমালোচনা করেন কিন্তু বিএনপি দলীয় সাংসদ হারুনুর রশিদ কি করছেন সেদিকে দৃষ্টি রাখেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান ও সাহাবুদ্দীন ফরাজি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন প্রমুখ।
এর আগে, বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মঈনুদ্দিন মন্ডল।
শেষে, ২য় অধিবেশনে অধিকাংশ কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পে মোঃ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হন।

