মেহের আমজাদ, মেহেরপুর:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন,দশ এগারো বছর আগে আপনারা যে পুলিশ বাহিনী দেখেছেন, এখনকার পুলিশ আর সেই জায়গায় নাই। সন্ত্রাস,জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব। গতকাল রবিবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন, বাংলাদেশকে বদলে দেবেন। তিনি এরই মধ্যে বাংলাদেশকে বদলে দিয়েছেন। জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথা বলেন । বাংলাদেশে আগে যে মাদক নিয়ন্ত্রন বিভাগ ছিল, সেটা গুটি কয়েক জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। কিন্তু বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণ বিভাগকে জনবলসহ পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ইতিমধ্যে এই বিভাগ সফলতার সাথে সক্রিয় ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মেহেরপুরের আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে। কমেছে মাদকাসক্তের ও কারাগারে বন্দীর সংখ্যা। এ চিত্র যদি সারাদেশে হতো তাহলে আমরা আমাদের কাংখিত বাংলাদেশ পেয়ে যেতাম। এ জন্য তিনি মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানান।তিনি বলেন, মাদকাসক্ত ঐশির মতো আর যেন কেউ বাবা-মাকে হত্যা করতে না পারে সেজন্য দিন রাত কাজ করছে পুলিশসহ প্রশাসনের সকল বিভাগ।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ এম এ বাশার। জনসমাবেশ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

