সময় সংবাদ ডেস্ক//
গাজীপুরে উল্টে যাওয়া কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী বাস খাদে নামিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন চালক। তবে এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ যাত্রী।
শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।
জিএমপির সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, বিকেলে ময়মনসিংহ থেকে ভুট্টাবাহী একটি কাভার্ডভ্যান ঢাকায় যাচ্ছিল। ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেটের কাছে পৌঁছালে কাভার্ডভ্যানের চাকা ফেটে যায়। পরে চাকা পরিবর্তনের জন্য কাভার্ডভ্যানটি জগ দিয়ে উঁচু করলে মহাসড়কের ওপর উল্টে যায়।
একই সময় নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে আসছিল। মহাসড়কের ওপর কাভার্ডভ্যানটি উল্টে যাওয়ায় বাসটির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশের খাদে নামিয়ে দেন চালক। এতে যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও পাঁচজন আহত হন। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি উদ্ধার করে পুলিশ।

