সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশিদের পাশাপাশি কৃষ্ণাঙ্গ এবং সমকামী কমিউনিটির মানুষেদের উপর লন্ডনে ২০ বছর আগে একটি হামলা হয়। ওই ঘটনায় ১৪০ জন গুরুতর আহত হওয়ার পাশাপাশি ৩ জন প্রাণ হারান। বেঁচে থাকাদের মধ্যে অনেকে এখন পঙ্গু। এবার সেই হামলাকে কেন্দ্র করে ফিচার ভিত্তিক সিনেমা তৈরি করছে নেটফ্লিক্স।
বিনোদন-ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইন হলিউড এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্যের প্রোডাকশন হাউজ এক্সপেকটেশনের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে নেটফ্লিক্স। সিনেমাটির নাম হবে ‘দ্য নেইলবেম্বার’। কঠোর ডানপন্থী উগ্রবাদী ডেভিড কোপল্যান্ড ১৯৯৯ সালে কীভাবে ব্রিক্সটন, ব্রিক লেন এবং সোহোতে তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান, সেটি এই সিনেমায় দেখানো হবে।
ডেভিড কোপল্যান্ড তার ডিভাইসে ১ হাজারের বেশি চারইঞ্চি লম্বা পেরেক ঢুকিয়ে ওই হামলা চালান। ২০০০ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন সাজা পান।

