ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, নিহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১২, ২০২০

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, নিহত ৩


সময় সংবাদ ডেস্ক//
ফেসবুকে বিতর্কিত পোস্টকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল ভারতের বেঙ্গালুরু শহর। সহিংসতায় এখন পর্যন্ত তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন পুলিশ সদস্য।

সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে জানা যায়, মঙ্গলবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় নগরীর পূর্ব অংশ। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ পুলিশ সদস্য। এদের একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার। এখন পর্যন্ত আটক করা হয়েছে ১১০ জনকে। শহরের একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

জানা গেছে, সহিংসতার সূত্রপাত পুলকেশিনগর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আখন্দ শ্রীনবাস মূর্তির ভাগ্নে পি. নবীন-এর একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে। মঙ্গলবার নিজের ফেসবুকে একটি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত পোস্ট করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই কংগ্রেস বিধায়কের বাসভবনের সামনে জমায়েত হয়ে হামলা চালায় একটি সম্প্রদায়ের মানুষ। এমনকি বাড়িতে রাখা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। 

বিধায়কের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে শুরু হয় পাথর বৃষ্টি। এরপর কেজি হাল্লি থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা। অভিযুক্ত পি. নবীনের গ্রেফতারের দাবি জানায়। একসময় থানায় হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ ঘটানো হয় গাড়ি ও সরকারি সম্পত্তিতে। হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি ফায়ার সার্ভিসের গাড়িও। যদিও হামলার সময় ওই কংগ্রেস বিধায়ক তার বাড়িতে ছিলেন না। 

বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্থ জানিয়েছেন, পুলিশের গুলিতে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। শহরের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ আহত হয়েছেন প্রায় ৬০ জন পুলিশ সদস্য। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কমিশনার আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেঙ্গালুরু শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ডিজে হাল্লি এবং কেজি হাল্লি থানা চত্বরে কারফিউ জারি করা হয়েছে। এরইমধ্যেই কংগ্রেস বিধায়কের ভাগ্নে অভিযুক্ত নবীনকে আটক করেছে পুলিশ।

বেঙ্গালুরু যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাতিল জানান, সহিংসতার ঘটনায় ১১০ জনকে আটক করা হয়েছে এবং বাকীদের খোঁজেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  

উত্তেজনা কমাতে রাতেই সব ডেপুটি কমিশনারদের ঘটনাস্থলে পাঠানো হয়। বুধবার সকালেও পূর্ব বেঙ্গালুরু পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে।  

ঘটনার গতিপ্রকৃতি নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি.এস.ইয়েদুরিয়াপ্পা কথা বলেছেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসজরাজ বোমাই’এর সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পূর্ণ স্বাধীনতাও দেয়া হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাই হোক না কেন, তা আইনের বিরুদ্ধে। কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কড়া পদক্ষেপ নেয়া হবে। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছ। দুর্বৃত্তদের আটক করা হবে এবং শাস্তিও দেয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here