সময় সংবাদ ডেস্কঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) ভারতীয় ধরন দেশে আরো ১৩ জনের দেহে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভারতীয় ধরনে আক্রান্ত মোট ২০ জনকে শনাক্ত করা হয়েছে।
শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে সাত জনের কেউই সম্প্রতি ভারতে যাননি। অর্থাৎ তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
এ প্রসঙ্গে আইইডিসিআর’র পরিচালক বলেন, সম্প্রতি ভারতে যাননি, এমন সাত জনের শরীরেও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সুতরাং স্থানীয়দের মাধ্যমেই ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে।
এদিকে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া ১৩ জনের মধ্যে সাত জনই চাঁপাইনবাবগঞ্জের। করোনার সংক্রমণ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ওই জেলাটিতে আগামী সোমবার পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ মে ভারত থেকে দেশে আসা দুজনের শরীরে প্রথম করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। বি.১.৬১৭ নামের এ ভ্যারিয়েন্টটি গত বছর প্রথম ভারতে শনাক্ত হয়। এরই মধ্যে ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনার এ ধরন।

