সময় সংবাদ ডেস্কঃ
ঘূর্ণিঝড় ‘যশ’ এর ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতি নিচ্ছে সরকার। সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি নিতে শনিবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ১১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০ বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি ত্রাণ গুদাম, ৫টি মুজিব কেল্লাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, আজকের মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। ২৫ মে রাত থেকে ২৬ মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ‘যশ’ নামের ঘূর্ণিঝড়টি। এটি খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে।
এদিকে এ পরিস্থিতির মধ্যেই দেশে বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি রকমের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িশা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।
আবহাওয়াবিদদের মতে, সাধারণত যেকোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। সেই হিসেবে ‘যশ’ আসায় তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

