সময় সংবাদ ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চীন সরকারের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা আগামী ২৫ মে থেকে প্রয়োগ শুরু হবে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন, তারাই এ টিকা পাবেন।
ডা. এবিএম খুরশীদ আলম বলেন, মেডিকেল শিক্ষার্থীদের আগামী ২৫ মে থেকে আমরা চীনের টিকা দেব। এরই মধ্যে আমাদের চিকিৎসক নার্সসহ স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হয়েছে। এখন বাকি আছে শিক্ষার্থীরা।
তিনি আরো বলেন, গত এক বছর ধরে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস পরীক্ষা হচ্ছে না। জুনিয়র চিকিৎসকরা যে ইন্টার্ন হিসেবে কাজ করতো, কোথাও সেরকম আর নেই, প্রায় অধিকাংশ হাসপাতালই খালি। এখন যদি চিকিৎসক পেতে হয়, তাহলে আটকে থাকা পরীক্ষাগুলো নিতে হবে। আর পরীক্ষা নিতে গেলে আগে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে হবে।
এর আগে, গত ১২ মে চীন থেকে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ টিকা নিয়ে দেশে পৌঁছায় বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান।

