যে পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেবে জাবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৯, ২০২১

যে পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা নেবে জাবি


 


সময় সংবাদ ডেস্কঃ


অনলাইনে পরীক্ষা নেয়ার লক্ষ্যে পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা পর্ষদ। অ্যাসাইনমেন্ট, সময় বেধে দিয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সুপারিশ করেছে শিক্ষা পর্ষদ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার শিক্ষা পর্ষদের সভায় অনলাইন পরীক্ষা সংক্রান্ত এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য গঠিত টেকনিক্যাল কমিটি শিক্ষা পর্ষদের সুপারিশ করা এই পদ্ধতি পর্যালোচনা করে তা সংশোধন করতে পারবে। পরে তারা সেটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পরবর্তী সভায় পাঠাবে। সিন্ডিকেট সভায় অনুমোদনের পর এটি কার্যকর হবে।


শিক্ষা পর্ষদের সুপারিশ হলো- অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, সময় বেধে দিয়ে ১০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এটি পূর্ণ কোর্সে ৭০ নম্বর ও হাফ কোর্সের জন্য ৩৫ নম্বরের সমান হবে। তাই ৫০ নম্বরের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ১.৪ দিয়ে গুণ করে পূর্ণ কোর্সের মূল্যায়ন করা হবে। হাফ কোর্সের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর ১.৪ দিয়ে গুণ করে তার অর্ধেক নম্বর গ্রহণ করা হবে।


এছাড়া পূর্ণ কোর্সে ১০ নম্বরের ক্লাস উপস্থিতি নম্বর ও ২০ নম্বরের অনুশীলনী পরীক্ষার নম্বর যোগ হবে। হাফ কোর্সের ক্ষেত্রে ৫ নম্বরের উপস্থিতি নম্বরের সঙ্গে ১০ নম্বরের অনুশীলনী পরীক্ষার নম্বর থাকবে।


অধ্যাপক নূরুল আলম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি মাথায় রেখেই পরীক্ষার এ পদ্ধতি বাছাই করা হয়েছে। এ নিয়ে শিক্ষকদেরও নির্দেশনা দেয়া হয়েছে।


অনলাইন ক্লাস শুরু করার সময় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির নম্বর না রাখার জন্য শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছিল। তাই এখন সেই উপস্থিতি নম্বর কীভাবে দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জন্য প্রতিটি কোর্স শিক্ষকরা ভালো উপায় বের করতে পারবেন। এক্ষেত্রেও তারা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করবেন।


এর আগে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া হয়েছিল। এবারও সেভাবে ব্যাচ অনুযায়ী পরীক্ষা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবার ব্যাচ অনুযায়ী পরীক্ষার নেয়ার ব্যাপারে আলোচনা হয়নি। বিভাগগুলো তাদের পছন্দমতো ব্যাচের পরীক্ষা নিতে পারবে। আশা করছি, আগামী জুন মাসে পরীক্ষা শুরু করা যাবে।

Post Top Ad

Responsive Ads Here