![]() |
| স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুর রহমান।ইনসেটে মাদকসেবী মনিরুল ইসলাম |
মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর-জাদুখালী বটগাছ মোড় এলাকায় প্রকাশ্যে দিবালোকে এক মাদকসেবী কুপিয়ে হত্যা করেছে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে। অপর দিকে স্থানীয় গ্রামবাসীর গণপিটুনিতে মাদকসেবী নিহত হয়েছে।
নিহতরা হলেন-মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের রফিকুল ইসলাম কেরু মিয়ার ছেলে সাইদুর রহমান (৩০) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মাদকসেবী মনিরুল ইসলাম মনি (৩৫)। জানা গেছে সাইদুর রহমান মুজিব নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।
গতকাল শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর-জাদুখালী নদীর পাড়ের বটগাছ মোড়ে এই হত্যাকান্ড ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান মনিরুল ইসলাম মনি জাদুখালী নদীর পাড়ের বটগাছের নিচে বসে গাঁজা সেবন করছিলো। এসময় সাইদুর তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেন। এ সময় মনি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দেশীয় অস্ত্র হাঁসুয়া (হেসু) দিয়ে সাইদুরকে গলায় কোপ দিলে সাইদুর পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। এসময় মনি সাইদুরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত স্থানীয় গ্রামবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম মনি নিহত হয়।
খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপর এসএম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমসহ পুলিশের একাধিকদল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলি জানান, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে সেই সাথে সিআইডির একটি টিম কাজ করছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মনি একজন মাদকসেবী তার নামে মুজিবনগর থানায় মাদক মামলা আছে। প্রকৃত অর্থে কি ঘটেছিল তা বিস্তারিত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটিত হবে।

