সময় সংবাদ ডেস্কঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর কোরবান আলী সোহেল হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, বুধবার রাতে নগরীর ইপিজেড থানার দক্ষিণ পতেঙ্গা খেজুরতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকার আবুল মনসুরের ছেলে আবু জাফর ও একই ইউনিয়নের হাসনাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে সাহাব উদ্দিন।
এএসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোরবান আলী সোহেল হত্যা মামলার প্রধান আসামি আবু জাফর ও তার সহযোগী সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেন।
এএসপি নুরুল আবছার আরো বলেন, আবু জাফরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি এবং সাহাব উদ্দিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮ মে রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় সীতাকুণ্ড উপজেলা পরিষদ এলাকায় সোহেলকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বাবা।

