সময় সংবাদ ডেস্কঃ
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আফরিন শহরে গোলাবারুদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।
সিরিয়ার আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী আফরিন শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৩ জন। তুরস্কের সঙ্গে ওই শহরের সীমান্ত রয়েছে।
লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আফরিন শহরের আশ-শিফা হাসপাতালে ওই হামলা হয়। তবে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স ১৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্স দাবি করছে, কামান অথবা মর্টারের গোলা দিয়ে এ হামলা চালানো হয়েছে।
প্রথম গোলাটি একটি আবাসিক এলাকায় গিয়ে পড়ে এবং এর কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোলা আশ-শিফা হাসপাতাল আঘাত হানে।
সংবাদমাধ্যম আনাদোলু হামলার জন্য সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে দায়ী করেছে। বার্তা সংস্থাটি বলছে, কুর্দি গেরিলারা গ্রাদ ক্ষেপণাস্ত্র ও মর্টারের সাহায্যে ওই হামলা চালায়।
সিরিয়ার আফরিন শহরে কুর্দি গেরিলা দমনের নামে গত কয়েক বছর ধরে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করে আসছে। এ কারণে শহরটি খুব অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে।

