আবু সাঈদ শাকিল কোম্পানীগঞ্জঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুক্রবার দুপুর ১টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, নিজের দোষ স্বীকার করে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না মর্মে জবানবন্দি দেন কনের বাবা।
স্থানীয়রা জানান, উপজেলার চরফকিরা ইউনিয়নের ওই ছাত্রীর সঙ্গে জেলার মাইজদীর এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের সংবাদ পেয়ে বরপক্ষ কনের বাড়িতে না এসে পথ থেকে ফিরে গেছে।

