* ১৭ লাশ উদ্ধার, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে লইসকা বিল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে ট্রলারডুবিতে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। সময় যত গড়াচ্ছে ততই প্রিয়জনকে জীবিত ফেরত পাওয়ার আশা ফুরাচ্ছে। কেউ খুঁজছেন বাবাকে, কেউ খুঁজছেন ভাই আবার কেউ খুঁজছেন প্রিয়তমা স্ত্রীকে।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউপির লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
*বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দেবে এডিবি
ঢাকা-সিলেট বাণিজ্য করিডোরের গতিশীলতা, সড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
শুক্রবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দফতরে সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কটি আন্তর্জাতিক ৪টি করিডোরকে সংযুক্ত করবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নতুন দার উন্মোচন হবে। সরকারের ‘নর্থইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডোর’ এর কেন্দ্রস্থল হয়ে উঠবে এই করিডোর। যার লক্ষ্য ওই অঞ্চলে জ্বালানি উৎপাদন এবং নির্মাণ সামগ্রীসহ প্রধান শিল্পগুলোর উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সংহত করা।
*একদিনে আরো ১১৭ মৃত্যু, শনাক্ত ৩৫২৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৪৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
*মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল বিমানের সেই পাইলটের
ওমানের মাস্কাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক হলে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি বাংলাদেশে না এসে নাগপুরে জরুরি অবতরণ করে। যাত্রীদের সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।
বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ক্যাপ্টেন নওশাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। জরুরি অবতরণের পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। নতুন দুইজন পাইলট একটি ফ্লাইট নিয়ে নাগপুর গিয়ে যাত্রীদের ফিরিয়ে আনবে।
*জাপান থেকে ৬ লাখ ৩৫ হাজার টিকা ঢাকার পথে
কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রয়েছে। এ ফ্লাইটটি শনিবার বিকেলে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আশা করি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
*প্রথমবার উত্তরা থেকে মিরপুর এসে ঘুরে গেলো স্বপ্নের মেট্রোরেল
প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে এসে মিরপুরে ভায়াডাক্টের ওপর চলেছে স্বপ্নের মেট্রোরেল। জানা গেছে, পরীক্ষামূলক চলাচলের আগে প্রস্তুতির প্রয়োজনীয় অংশ হিসেবে এ রুটে মেট্রোরেল চালিয়ে দেখা হয়েছে।
শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত আসে ট্রেনটি। এরমধ্যে চারটি স্টেশনকে ঘিরে পরীক্ষামূলক যাত্রা যাচাই করা হয়।
*অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে। তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
গভীর সমুদ্রে হঠাৎ পর্যটকবাহী ট্রলারের ইঞ্জিন বিকল। দুই ঘণ্টা ভেসে থাকার পর আরেক ট্রলারের সাহায্যে ফিরলেন তীরে। এরপর পালিয়ে গেল বিকল ট্রলারের চালক-শ্রমিকরা। আরো ঘণ্টা দুয়েক এমন ঘোর বিপদের মধ্যে থাকার পর প্রশাসন ও পুলিশের সহায়তায় মুক্তি পেলেন ৬০ জন দিশেহারা পর্যটক। মুক্তি পেয়েই বললেন ‘আলহামদুলিল্লাহ’।
এর আগে, শুক্রবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে এমন বিপদের মুখে পড়েন তারা।
পর্যটকবাহী ওই ট্রলারে ছিলেন আন্তর্জাতিক ভ্রমণকারী ও এমএসএফ- হল্যান্ড এনজিও’র মনোবিজ্ঞানী মো. আকবর হোসেন।
*রাকিবের টার্গেট ডিভোর্সি: অন্যের ছবি দেখিয়ে নিজের জন্য খুঁজতেন ‘সুন্দরী পাত্রী’
আমেরিকা প্রবাসী পাত্রের জন্য প্রয়োজন সুন্দরী পাত্রী। পাত্রের আমেরিকায় রয়েছে ব্যবসা। নিউইয়র্ক সিটিতে রয়েছে নিজস্ব বাড়ি। পাত্রী গরীব ঘরের হলেও সমস্যা নেই। সন্তান থাকলেও চলবে।
এভাবেই ডিভোর্সি নারীদের টার্গেট করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতেন দিনাজপুরের রাকিব খান। তার আবেদনে সাড়া দিলে দিতেন হোয়াটসঅ্যাপ নম্বর। এরপর পাত্র পরিচয়ে নিজেই গড়তেন সম্পর্ক।
তবে নিজের নয়, চট্টগ্রামের একটি শিল্পগ্রুপের নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করেই এমন প্রতারণা করতেন রাকিব। বিষয়টি নজরে এলে এবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ।

