আন্তর্জাতিক ডেস্কঃ
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরটি নিশ্চিত হয়েছে বেশ আগেই। এরই মধ্যে ক্লাবের হয়ে বিদায়ী সংবাদ সম্মেলন করেছেন মেসি। কেঁদেছেন সেখানে, জানিয়েছেন আবারো ফেরার আকুতি। বর্তমানে নতুন দলে যোগ দিতে আলাপ চালিয়ে যাচ্ছেন এই তারকা। কিন্তু এরই মধ্যে এসেছে নতুন খবর। এলএম টেনকে ধরে রাখতে একদম শেষ মুহূর্তে নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে বার্সা।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানায়, সবকিছু ঠিক থাকলে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেবেন মেসি। এই খবর প্রকাশের পর দিন দুয়েক আগে থেকেই প্যারিসের বোর্গেট বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেছেন পিএসজির ভক্তরা। তাদের একটাই লক্ষ্য, লিওকে সাধ্যমতো বরণ করে নেয়া। কিন্ত মেসি এখনো সেখানে যাননি।
ধারণা করা হচ্ছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির সবকিছু এখনো চুড়ান্ত হয়নি। যে কারণে এখনো বার্সেলোনায় নিজের বাড়িতেই অবস্থান করছেন তিনি। আবার কবে তিনি প্যারিসের উদ্দেশ্যে উড়াল দেবেন, সেটাও কেউ নিশ্চিত না। যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জনে ভরে উঠেছে চারপাশ।
এরই মধ্যে বোমা ফাটানোর মতো খবর প্রকাশ করেছে স্পেন এবং আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। ইএসপিএন আর্জেন্টিনা, স্পোর্ট, এএস এবং আরএমসি ওয়ানের মতো ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসিকে দলে রাখতে আবারো নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। ক্লাবের সিইও ফেরান রিভেইটার নিজেই এই বিষয়ের দেখভাল করছেন।
জানা গেছে, লিওনেল মেসির এজেন্ট ও বাবা হোর্হে মেসিকে ন্যু ক্যাম্পে ডেকেছেন রিভেইটার। সেখানেই নতুন প্রস্তাব সম্পর্কে আলোচনা করছেন তারা। অবশ্য এই প্রস্তাবে কী নিয়ে কথা হচ্ছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এদিকে বার্সা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তারা মেসির সঙ্গে এমন কোনো ব্যাপারে কথা বলেননি। ফলে ব্যাপারটিকে গুজব বলে সংবাদ করেছে বেশ কিছু মাধ্যম। এমতাবস্থায় চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

