ডেস্ক/ঢাকা:
মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়াম আক্তার মৌয়ের ইস্যুকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের মামলায় গ্রেফতার দুই জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আসামির রিমান্ড শেষে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামিরা হচ্ছেন-কাজী আল জাহিদ ও সাইদ আব্দুস সানি।
শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৮ আগস্ট এ দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শাহরিয়ার মাকসুমের কাছে হোয়াটসঅ্যাপে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্ত্রী তাজরুনা হোসেন নেভী ১৭ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হোয়াটসঅ্যাপে শাহরিয়ার মাকসুমকে ফোন দিয়ে জানায়, পিয়াসা এবং মৌয়ের সঙ্গে তার ঘনিষ্ট কিছু ডকুমেন্ট আসামিদের কাছে রয়েছে। তিন লাখ টাকা চাঁদা না দিলে সেগুলো স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়।
মামলার অভিযোগে আরো উল্লেখ করা হয়, আসামিদের সহযোগী অজ্ঞাতনামা আসামিরা শাহরিয়ার মাকসুমের ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত অপপ্রচার সম্বলিত ভিত্তিহীন সংবাদ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়ানো হয়।
